পোস্টাল ব্যালট ভোটকেন্দ্রে উত্তেজনা, হাজির হলেন দুই প্রার্থী
- আমাদের মালদা ডিজিট্যাল

- 1 hour ago
- 1 min read
ভোট দিতে গিয়ে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ ভোটকর্মীদের। ঘটনাটি ঘটেছে মালদা শহরের মডেল মাদ্রাসায়। ঘটনার খবর পেয়ে পোস্টাল ব্যালট ভোটগ্রহণ কেন্দ্রে ছুটে যান তৃণমূল ও বিজেপি প্রার্থী।
ভোটকর্মী কমলকৃষ্ণ দাসের অভিযোগ, ভোটের ট্রেনিংয়ের শেষ দিনে আমাদের বলা হয়েছিল মালদা মডেল মাদ্রাসায় আমাদের ভোট নেওয়া হবে। আজ সকালে এখানে ভোট দিতে আসার পর জানতে পারি, যে ভোটকর্মী যে কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তাঁরা সেই কেন্দ্রেই নিজেদের ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন এভাবে আমাদের হয়রানি করছে। আমরা চাই এখানেই আমাদের ভোট নেওয়ার ব্যবস্থা করা হোক।

তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু বলেন, নির্বাচন কমিশন মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। এর আগে নোটিশ জারি করে ভোটকর্মীদের মডেল মাদ্রাসায় ভোট দিতে বলা হয়েছিল। আজ ভোট দিতে এসে তাঁদের অন্য জায়গায় ভোট দিতে বলা হচ্ছে। কমিশন এভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। বিষয়টি নিয়ে জেলা নির্বাচনি আধিকারিককে চিঠি পাঠিয়েছি।
বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি বলেন, ভোটকর্মীদের যেখানে যার ডিউটি পড়েছে সেখানেই পোস্টাল ব্যালটে ভোটকর্মীদের ভোট দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু ভোটকর্মীরা ভোটের দিন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। সেদিন ওনারা সময় পাবেন না, ভোট দিতে পারবেন না। শাসকদল সরকারি কর্মীদের ভোট পাবে না সেই আশঙ্কা থেকেই এসব করছে। বিষয়টি নিয়ে রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলছি। ওনারা উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments