মধ্যরাতে বিচারকদের উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার আইএসএফ প্রার্থী সহ ১৮
- আমাদের মালদা ডিজিট্যাল

- Apr 2
- 1 min read
এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় উত্তাল মালদা। গত বুধবার সুজাপুর ও মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিক্ষোভকারীদের পথ অবরোধ ও ব্লক অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতিও।
গত বুধবার সকাল থেকে সুজাপুর স্ট্যান্ডে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ। রাত সাড়ে বারোটা নাগাদ অবশেষে অবরোধ ওঠে। অন্যদিকে, বেলা ১১টা থেকে কালিয়াচক ২ ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভে ব্লক অফিসে আটকে পড়েন সাতজন বিচারক। ব্লক অফিসে পৌঁছতে গিয়ে আমলিতলা এলাকায় ঘেরাও করা হয় আরেক মহিলা বিচারকের গাড়ি। অবশেষে রাত এগারোটা নাগাদ কেন্দ্রীয় বাহিনী ব্লক অফিস চত্বরে উত্তেজিত জনতার ওপর লাঠিচার্জ করে বিচারকদের উদ্ধার করেন। পথে ফের বিচারকদের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের মালদা।

মোথাবাড়ির সেই ঘটনায় পুলিশ চারটি মামলা রুজু করেছে। গ্রেপ্তার করা হয়েছে মোথাবাড়ির আইএসএফ প্রার্থী সহ মোট ১৮জনকে। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
এদিকে, বুধবারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে থমথমে ছিল মোথাবাড়ি থানা এলাকা। পুরো এলাকায় টহল দিচ্ছে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বুধবার ঘটনায় জড়িত পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে, একই ইশ্যুতে বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার যদুপুর এলাকায় অবরোধ করেন ক্ষিপ্ত বাসিন্দারা। যদুপুর সংলগ্ন বাইপাস এলাকায় পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। আহত হন পুলিশের গাড়ির চালক। এই ঘটনাতে এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments