প্রাক্তন বিধায়কের গাড়ি থেকে উদ্ধার পিস্তল, গ্রেপ্তার ছয়
- আমাদের মালদা ডিজিট্যাল

- 2 minutes ago
- 1 min read
প্রাক্তন বিধায়কের গাড়ি থেকে উদ্ধার মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সের আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ উদ্ধারের ঘটনায় হইচই পড়েছে জেলা জুড়ে। এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে মালদা থানার পুলিশ। গত রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হলে ধৃতদের জেলা হেপাজতে পাঠানো হয়।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জেলা জুড়ে সার্ভেলেন্স টিম সহ নাকা চেকিং চলছে। রবিবার ইদের সকালেও পুরাতন মালদার চেঁচুমোড়ে পুলিশের নাকা চেকিং চলছিল। ওই নাকা চেকিংয়ে কংগ্রেসের পতাকা লাগানো একটি চার চাকার গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি পিস্তল, ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা কার্তুজ।

জেরায় পুলিশ জানতে পারে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র প্রাক্তন কংগ্রেসি বিধায়ক মোত্তাকিন আলমের লাইসেন্সড পিস্তল। পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের ২০ সেপ্টেম্বর সেই লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ। ধৃতরা সকলেই ইংরেজবাজারের কমলাবাড়ি এলাকার বাসিন্দা।
ঘটনাপ্রসঙ্গে কংগ্রেস নেতা মান্তু ঘোষ জানান, মালদা জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা মানিকচক কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার খবর পেয়েছি। সেটি মোত্তাকিন আলমের লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র। গত শনিবার রাতে ইফতার সেরে বাড়ি ফেরার পর সেই আগ্নেয়াস্ত্র গাড়িতেই থেকে গিয়েছিল। রবিবার ইদ উপলক্ষ্যে পরিবারের লোকজন মোত্তাকিন আলমের গাড়ি নিয়ে ঘুরতে যান। নাকা চেকিংয়ে মালদা থানার পুলিশ সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। আইন আইনের পথে চলুক। সমস্ত ঘটনা সামনে আসবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments