যুবককে কুপিয়ে খুন, চাঞ্চল্য ইংরেজবাজারে
- আমাদের মালদা ডিজিট্যাল

- 3 minutes ago
- 1 min read
যুবককে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজারে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে আটক করা হয়েছে তিনজনকে।
মৃত তরুণের নাম কিষাণ হালদার (৩০)। বাড়ি ইংরেজবাজার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের হালদারপাড়া এলাকায়। বুধবার রাতে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে রাস্তার ওপর থেকে কিষাণের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্রও।

পুলিশ সুপার অনুপম সিং জানান, গতকাল রাতে ইংরেজবাজার পুরসভার মহেশপুর বাগানপাড়া এলাকায় কিষাণ হালদার নামে এক তরুণের সঙ্গে কয়েকজনের বচসা হয়। সেই সময় ধারালো অস্ত্রের আঘাতে কিষাণের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় কিষাণ হালদারের সঙ্গে আরও দু’জন ছিল। মদ্যপ অবস্থায় ওরা হাঁসুয়া নিয়ে ঘোরাঘুরি করছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত আমরা তিনজনকে আটক করেছি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জুয়া সংক্রান্ত কোনও বিষয় থেকেই এই ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক যোগ সামনে আসেনি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments