ভেঙে পড়ল বাজারের ছাদের একাংশ, মৃত এক আহত এক
- আমাদের মালদা ডিজিট্যাল

- 1 minute ago
- 1 min read
নেতাজি পুরবাজারের ছাদের একাংশ ভেঙে মৃত্যু হল এক নৈশপ্রহরীর৷ গুরুতর আহত হয়েছেন পুরসভার একজন সাফাই কর্মীও৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদা শহরে নেতাজি পুর বাজারে। এসকেভেটর মেশিন ব্যবহার করে নৈশপ্রহরীর মৃতদেহ উদ্ধার করা হয়৷ এই ঘটনায় ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন ব্যবসায়ী সংগঠন৷
মালদা মার্টেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক জানান, বারবার আমরা বাজারের বেহাল অবস্থার কথা পুরসভাকে জানিয়েছি। কিন্তু কাজেরকাজ কিছুই হয়নি৷ এই বিল্ডিংয়ে প্রায়শই চাঁই খুলে পড়ে৷ যে কোনও সময় বড়োসড়ো দুর্ঘটনা ঘটতে পারে৷ আজ সকালে ছাদের একাংশ ভেঙে একজন নৈশপ্রহরী মণ্টু সরকারের মৃত্যু হয়েছে৷ পুরসভার একজন সাফাইকর্মীর পা ভেঙেছে৷

ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি জানান, ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এই বাজার সংস্কারের কথা জানিয়েছেন৷ আমরাও পুরসভার বিওসি মিটিংয়ে বিষয়টি তুলেছি৷ কিন্তু তৃণমূল পরিচালিত এই পুরসভার মানুষের দিকে কোনও নজর নেই৷ তৃণমূলের লোকজন শুধুমাত্র নিজেদের রোজগার নিয়ে ব্যস্ত৷ মানুষের পরিসেবা নিয়ে এদের কোনও ভ্রুক্ষেপ নেই৷
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানান, এটা দীর্ঘদিনের পুরোনো বিল্ডিং৷ বিল্ডিংয়ের ছাদের একাংশ ভেঙে একজনের মৃত্যু হয়েছে, একজন আহত হয়েছেন। ভোট ঘোষণা হয়েছে, আমরা বিষয়টি নিয়ে অফিসারদের সঙ্গে কথা বলব৷ অফিসারদের অনুমতি মিললে আমরা এই বিল্ডিং ভেঙে সংস্কারের কাজ শুরু করব৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন










Comments