top of page

প্রথম বন্দে ভারত স্লিপার উদবোধন করলেন মোদি

শনিবার মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদবোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্টেশন চত্বরে উপস্থিত পড়ুয়াদের সঙ্গে হাত মিলিয়ে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি। তবে এদিন মালদা টাউন স্টেশন থেকে কোনও মন্তব্য রাখেননি তিনি।


দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ বায়ু সেনার কপ্টারে লক্ষ্ণণ সেন স্টেডিয়ামে পৌঁছন নরেন্দ্র মোদি। দুপুর একটা নাগাদ মালদা টাউন স্টেশনে পৌঁছন তিনি। স্টেশনে আগে থেকে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, মালদার দুই লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু ও ইশা খান। মালদা টাউন স্টেশনে পৌঁছতেই উপস্থিত পড়ুয়াদের দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী। কিছুক্ষণ বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর পর দুপুর ১টা ২০ মিনিটে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদবোধন করেন তিনি। স্টেশনের কর্মসূচি সেরে কপ্টারে করে তিনি উড়ে যান পুরাতন মালদায়।


সেখানে জনসভা মঞ্চ থেকে মোদি বলেন, ওডিশায় প্রথমবার বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ত্রিপুরা ও অসমেও বিজেপির সরকার, এবারের নির্বাচনে বিহারের মানুষও এনডিএ সরকারকে সমর্থন করেছেন যে সরকারে বিজেপিও এক শরিক৷ অর্থাৎ বাংলার চারদিকে এখন সুশাসনের সরকার চলছে৷ এবার বাংলায় সুশাসনের পালা৷ বিহারে জেতার পরেই বলেছিলাম, মা গঙ্গার আশীর্বাদে এবার বাংলাতেও বিকাশের গঙ্গা বইবে৷ বিজেপি এই কাজ করেই ছাড়বে৷ এই বাংলাকে পালটানো দরকার, চাই বিজেপি সরকার৷



তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের দ্রুত বিকাশই বিজেপির প্রধান লক্ষ্য৷ দেশের প্রথম বন্দে ভারতের স্লিপারের উদ্বোধন হয়েছে৷ তার সঙ্গেই বাংলায় আরও চারটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ কয়েকটি নতুন ট্রেনের সূচনা হয়েছে৷ এখানে ব্যবসা ও পর্যটন শিল্পের উন্নতি হবে৷ আমরা চাইছি বাংলার প্রতিটি গৃহহীন মানুষের পাকা ঘর হোক, প্রত্যেকে বাড়িতে বসে নলবাহিত পানীয় জল পান, প্রকৃত গরিব মানুষ বিনামূল্যে রেশন পান, কেন্দ্রের প্রতিটি প্রকল্পের সুবিধে সারা দেশের সঙ্গে বাংলার মানুষও পান৷ কিন্তু এমনটা হচ্ছে না৷ এখানকার সরকার সেটা হতে দিচ্ছে না৷ দেশের কোটি কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লাখ টাকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন৷ কিন্তু বাংলা একমাত্র রাজ্য যেখানে এই প্রকল্প চালু করা হয়নি৷ কেন্দ্র সরকার এখানকার গরিব মানুষের জন্য যে টাকা দিচ্ছে সেই টাকা তৃণমূলের লোকজন লুট করছে৷ নিজেদের সিন্দুক ভরছে৷ এদের পরিবর্তে উন্নয়নের বিজেপি সরকার আসলে মানুষের অনেক বেশি লাভ হবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page