স্ত্রী সন্তানের দেহ হাসপাতালে রেখে শুনানি কেন্দ্রে স্বামী
- আমাদের মালদা ডিজিট্যাল

- 12 minutes ago
- 1 min read
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্ত্রী সহ ৯ মাসের সন্তানের। কোনোমতে প্রাণে বেঁচেছেন স্বামী। ভাগ্যের পরিহাস এমন, ময়নাতদন্তের জন্য স্ত্রী সন্তানের দেহ হাসপাতালে রেখেই এসআইআরের শুনানি কেন্দ্রে ছুটতে হল স্বামীকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদায়।
গাজোলের খড়দৈল এলাকার বাসিন্দা মহম্মদ ইয়াসিন আনসারি। তিনি সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসার আরবির শিক্ষক। স্ত্রী হালিমা খাতুন সহ তিন সন্তানকে নিয়ে কর্মসূত্রে সুজাপুরের হাসপাতাল মোড়ে বাড়ি ভাড়া নিতে থাকতেন ইয়াসিন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআরের শুনানির ডাক পেয়েছিলেন ওই দম্পতি। শুক্রবার গাজোল ব্লকে শুনানি হওয়ার কথা ছিল তাঁদের। সেই কারণে বৃহস্পতিবার বিকেলে সুজাপুর থেকে টোটো করে মালদা শহরের আসছিলেন পরিবারের সকলে।

সুস্থানি মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটো উলটে যায়। রাস্তায় ছিটকে পড়েন সকলেই। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসকরা হালিমাকে (২৭) মৃত ঘোষণা করেন। খানিক সময়ের মধ্যে মৃত্যু হয় তাঁদের ৯ মাসের সন্তান আরিফেরও।
হালিমার দাদা আবদুর জানান, বোন ও জামাই দুই জনেরই এসআইআরের শুনানির ডাক এসেছিল। আজ গাজোল ব্লকে শুনানির কথা ছিল। গতকাল বিকেলে ওরা টোটোয় করে বাস ধরতে আসছিল। সুস্থানি মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উলটে যায়। ঘটনাস্থলেই বোনের মৃত্যু হয়। হাসপাতালে বোনের কোলের বাচ্চারও মৃত্যু হয়। এই পরিস্থিতির মধ্যেও বোন ও ভাগ্নের দেহ হাসপাতালে রেখে জামাইকে শুনানি কেন্দ্রে যেতে হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments