ইংরেজবাজারে মাদক তৈরির কারখানার হদিশ, তিন মহিলা সহ ধৃত পাঁচ
- আমাদের মালদা ডিজিট্যাল

- 13 minutes ago
- 1 min read
এবার ব্রাউন সুগার তৈরির কারখানার হদিশ মিলল ইংরেজবাজারে। উদ্ধার হয়েছে প্রায় ১৭ কেজি ব্রাউন সুগার, নগদ ৯ লক্ষ টাকা সহ মাদক তৈরির নানা সামগ্রী। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বিহারের তিন কারবারী সহ মোট পাঁচজনকে।
পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, সোমবার রাতে ইংরেজবাজারের কুমারপুর এলাকায় একটি গোডাউনে হানা দেওয়া হয়। ওই গোডাউন থেকে উদ্ধার হয়েছে ৮ লক্ষ ৭৮ হাজার টাকা, ১৬ কেজি ৯৯৮ গ্রাম ব্রাউন সুগার, ২০ কেজি সোডিয়াম কার্বোনেট, ওজন করা ও প্যাকেট সিল করার মেশিন সহ আরও বেশ কিছু সামগ্রী। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক গাড়িও। এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম গৌরব শাহ (২৭), দীপক কুমার (২৫), অনিতা কুমারি (২৯), মহিবুবা খাতুন (২৭) ও মাহমুন্ডা বিবিকে (২৭)। মাহিবুবা ও মাহমুন্ডা ইংরেজবাজারের কুমারপুর এলাকার বাসিন্দা। বাকিদের বাড়ি বিহারের পূর্ণিয়া ও সামাস্তিপুর জেলায়।

পুলিশ সুপার আরও জানান, ধৃত বিহারের কারবারীরা কুমারপুর থেকে ব্রাউন সুগার কিনতে এসেছিল। সেই ব্রাউন সুগার বিহারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার কথা ছিল তাদের। আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। গত দুই মাসে মালদা জেলা জুড়ে প্রায় ৬০ কেজি ব্রাউন সুগার সহ শতাধিক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments